চীনের জিনজিয়াং প্রদেশে বিরল তুষার চিতার আক্রমণে এক পর্যটক গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার কোক্টোকে শহরে একটি স্কি রিসোর্টের কাছে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির প্রতিবেদন অনুযায়ী, নিজের হোটেলের দিকে ফেরার পথে ওই পর্যটক তুষার চিতার দেখা পান। বিশ্বের অন্যতম এই লাজুক ও বিরল প্রাণীকে খুব কাছ থেকে দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি। ছবি তোলার নেশায় নিজের গাড়ি থেকে নেমে চিতাটির খুব কাছাকাছি চলে গেলে বন্যপ্রাণীটি হিংস্র হয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, বরফের ওপর ওই পর্যটক নিথর হয়ে পড়ে আছেন এবং পাশেই চিতাটি অবস্থান করছে। পরবর্তী আরেকটি ভিডিওতে দেখা যায়, হেলমেট পরিহিত ওই পর্যটক রক্তাক্ত মুখে দুই পথচারীর সহায়তায় নিরাপদ স্থানে সরে আসছেন। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে স্থানীয় বন ব্যুরো।
পৃথিবীর অন্যতম দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারী এই প্রাণীগুলো সাধারণত মানুষের থেকে দূরে থাকতেই পছন্দ করে। ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের তথ্যমতে, সারাবিশ্বে বর্তমানে মাত্র চার থেকে সাড়ে ছয় হাজার তুষার চিতা আছে। যার মধ্যে ৬০ শতাংশেরই আবাসস্থল চীন। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, মানুষের ওপর তুষার চিতার আক্রমণের ঘটনা অত্যন্ত বিরল।
সূত্র: সিএনএন



