গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণা ট্রাম্পের, জবাব এলো ‘নো থ্যাংকস’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডে একটি নৌ-হাসপাতাল জাহাজ পাঠানোর আকস্মিক ঘোষণা দিয়ে আবারও আন্তর্জাতিক কূটনীতিতে শোরগোল ফেলে দিয়েছেন। তবে তার এই প্রস্তাবকে সরাসরি ‘ধন্যবাদ, প্রয়োজন নেই’ বলে নাকচ করে দিয়েছে আর্কটিক অঞ্চলের এই দ্বীপরাষ্ট্রটি।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প জানান যে, লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রির সঙ্গে মিলে তিনি গ্রিনল্যান্ডে একটি বিশাল হাসপাতাল জাহাজ পাঠানোর ব্যবস্থা করছেন। তার দাবি, সেখানে অনেক মানুষ অসুস্থ এবং তারা সঠিক চিকিৎসা পাচ্ছেন না। এই বার্তার সঙ্গে তিনি মার্কিন নৌবাহিনীর হাসপাতাল জাহাজ ‘ইউএসএনএস মার্সি’-র একটি ছবিও জুড়ে দেন। 

উল্লেখ্য, জেফ ল্যান্ড্রিকে গত ডিসেম্বরেই গ্রিনল্যান্ডবিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছিলেন ট্রাম্প।

ট্রাম্পের এই ঘোষণার পরপরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন। এক বিবৃতিতে তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, গ্রিনল্যান্ডে একটি শক্তিশালী পাবলিক হেলথ কেয়ার সিস্টেম রয়েছে, যেখানে নাগরিকদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। তিনি পাল্টা কটাক্ষ করে বলেন, যুক্তরাষ্ট্রে চিকিৎসকের কাছে যেতে টাকা খরচ করতে হয়, কিন্তু গ্রিনল্যান্ডে পরিস্থিতি তেমন নয়। প্রধানমন্ত্রীর মতে, গ্রিনল্যান্ডের উন্নয়ন বা সাহায্য নিয়ে কোনো কথা বলতে হলে সামাজিক যোগাযোগমাধ্যমে এলোমেলো মন্তব্য না করে সরাসরি দ্বিপাক্ষিক আলোচনা করা উচিত।

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেনও এই বিতর্কে গ্রিনল্যান্ডের পাশে দাঁড়িয়েছেন। তিনি ফেসবুকে লিখেছেন, তিনি এমন একটি দেশে বাস করতে পেরে গর্বিত যেখানে সবার জন্য স্বাস্থ্যের সমান অধিকার রয়েছে এবং বিমা বা সম্পদ দেখে চিকিৎসার মান নির্ধারণ করা হয় না।

রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, গ্রিনল্যান্ডকে কিনে নেওয়ার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা থেকেই ট্রাম্প এই ধরনের পদক্ষেপ নিচ্ছেন। সম্প্রতি তিনি দাবি করেছিলেন, ন্যাটোর সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে একটি ভবিষ্যৎ চুক্তির রূপরেখা তৈরি হয়েছে, যা ইউরোপীয় মিত্রদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। গ্রিনল্যান্ডের সাধারণ মানুষও মার্কিন শাসনের অধীনে যাওয়ার ক্ষেত্রে বড় বাধা হিসেবে যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল বেসরকারি স্বাস্থ্যব্যবস্থাকেই দায়ী করছেন। 

মজার বিষয় হলো, জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট অনুযায়ী, ট্রাম্পের উল্লিখিত হাসপাতাল জাহাজগুলো বর্তমানে আলাবামায় অবস্থান করছে এবং তাৎক্ষণিক অভিযানের জন্য সেগুলো প্রস্তুত নয় বলেই মনে করা হচ্ছে।

সূত্র: সিএনএন

1 thought on “গ্রিনল্যান্ডে হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণা ট্রাম্পের, জবাব এলো ‘নো থ্যাংকস’”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top