৫ বছর পর পর্দায় ফিরছেন রিয়া চক্রবর্তী

ব্যক্তিজীবনের প্রবল ঝড় আর আইনি লড়াই সামলে আবারও পেশাদার জগতে ফিরলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। ২০২০ সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে এক প্রকার আড়ালেই ছিলেন তিনি। এবার বড় পর্দা নয়, ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন ইনিংসে যাত্রা শুরু করলেন এই অভিনেত্রী।

নেটফ্লিক্সের আসন্ন ওয়েব সিরিজ ‘ফ্যামিলি বিজনেস’-এ দেখা যাবে রিয়াকে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নেটফ্লিক্স এই সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পাশাপাশি ট্রেলার প্রকাশ করেছে। এই সিরিজে রিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বলিউডের দুই শক্তিশালী অভিনেতা অনিল কাপুর এবং বিজয় ভার্মা।

২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রায় নিজ ফ্ল্যাটে সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর পর উত্তাল হয়ে ওঠে পুরো ভারত। সেই ঘটনার জেরে মাদককাণ্ডে নাম জড়িয়ে জেল খাটতে হয়েছিল রিয়াকে। 

সুশান্তের মৃত্যুর আগে মুক্তি পাওয়া ‘চেহরে’ সিনেমার পর আর কোনো কাজে তাকে দেখা যায়নি। এক সময় বিনোদন জগত থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়া রিয়া অবশেষে সব বাধা কাটিয়ে ছন্দে ফেরার চেষ্টা করছেন। রিয়ার এই প্রত্যাবর্তনে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার ভক্তরা। 

টিজার প্রকাশের পর থেকেই অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন তিনি। অনেকেই মন্তব্য করেছেন যে, রিয়াকে পর্দায় ফিরে আসতে দেখে তারা আনন্দিত। তবে কারো কারো মতে, তার এই প্রত্যাবর্তন আরও আগেই হওয়া উচিত ছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top