যুগ ছুঁয়েছে কোনালের কে-কোম্পানি

পেশাদার সংগীতজীবনের ষোল বছর পূর্ণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী সোমনূর মনির কোনাল। এই দীর্ঘ পথচলায় তাকে যেন আগলে রেখেছে গানের দল ‘কে-কোম্পানি’। এক যুগেরও বেশি সময় ধরে কোনালকে সামনে রেখে ঢাকার প্র্যাকটিস প্যাড থেকে দেশ-বিদেশের মঞ্চে দলটি নিয়মিত সংগীতচর্চা করে আসছে।

২০০৯ সালে চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘সেরাকণ্ঠ’ জয়ের খানিক পরে, ২০১৪ সালে কোনাল নিজের সংগীতভাবনাকে দলবদ্ধ রূপ দিতে গড়ে তোলেন ‘কে-কোম্পানি’। কোনালের ভাষায়, কে-কোম্পানি মানে—কোনালের সংগীত সহযাত্রী। এই সহযাত্রীদের সঙ্গে নিয়ে তিনি যেমন দেশের নানা প্রান্তে মঞ্চ মাতিয়েছেন, তেমনি বিশ্বের বিভিন্ন দেশেও সংগীত পরিবেশন করেছেন।

কোনাল বলেন, ‌‘এই দলের সঙ্গে শুধু সংগীত নয়, অন্যরকম একটা জীবনেরও ভ্রমণ হয়। আমরা সবাই মিলে সবসময় শ্রোতাদের জন্য সুন্দর ও মানসম্মত অনুষ্ঠান উপহার দেওয়ার চেষ্টা করি।’

বর্তমানে ‘কে-কোম্পানি’র লাইনআপে ভোকাল কোনালের সঙ্গে রয়েছেন রকিবুল ইসলাম রকি (লিড গিটার), পলাশ কুমার হালদার (ড্রামস অ্যান্ড পারকাশনস), রুবেল আহমেদ (বেজ গিটার), জাহিদুর রহমান (কি-বোর্ড), উজ্জ্বল কুমার ভট্টাচার্য (পারকাশনস) এবং সজীব (শব্দ প্রকৌশলী)।

এক যুগ পূর্তিতে এসে কে-কোম্পানি এখন মনোযোগী নতুন অ্যালবাম তৈরিতে। পাঁচটি নতুন গানের কাজ চলছে পুরোদমে। আগামী বছর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দলটির ১২ বছর পূর্তি উদযাপনের পরিকল্পনা রয়েছে কোনালের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top