ভালোবাসা দিবসে ‘পাঁচফোড়ন’, থাকছেন সজল-সারিকা

প্রতিবারের মতো এবারও ভালোবাসা দিবস উপলক্ষে তৈরি হয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। প্রায় দুই যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে এটিএন বাংলায়। 

সাধারণত ভালোবাসা দিবসে যুগলরা বাইরে ঘুরতে পছন্দ করলেও এবারের ‘পাঁচফোড়নের’ গল্পটি সাজানো হয়েছে এক দম্পতিকে ঘিরে যারা ঘরে বসেই ভালোবাসার নানা গল্পে দিনটি উদযাপন করেন। এই দম্পতির চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী আবদুন নূর সজল ও সারিকা সাবরিন। তাদের কথোপকথন আর খুনসুটির মধ্য দিয়েই উঠে আসবে অনুষ্ঠানের গান, নাচ ও সমসাময়িক নানা প্রতিবেদন।

এবারের অনুষ্ঠানে রয়েছে দুটি বিশেষ গান। কবির বকুলের কথায় এবং শওকত আলী ইমনের সুর ও সংগীতে একটি একক গান গেয়েছেন আঁখি আলমগীর। দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন কমল ও তানজিনা রুমা। মনিরুজ্জামান পলাশের লেখা গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। 

এছাড়াও রয়েছে জনপ্রিয় ফোক গানের সঙ্গে বরিশালের স্থানীয় নৃত্যশিল্পীদের পরিবেশনায় একটি নৃত্য।অনুষ্ঠানের বিশেষ প্রতিবেদনে থাকছে যশোরের বাঘারপাড়া উপজেলার বহরমপুর গ্রামের কাজী মাওলানা ফারুক হোসেনের গল্প, যিনি ‘রস কাকা’ নামে সুপরিচিত। যশোরের খেজুরের রসের হারানো ঐতিহ্য পুনরুজ্জীবিত করতে এবং নতুন প্রজন্মের কাছে এর পরিচিতি তুলে ধরতে তিনি এক দারুণ উদ্যোগ নিয়েছেন। 

আরেকটি প্রতিবেদনে দেখা যাবে এক অদ্ভুত শিয়ালকে, যে ঝোপঝাড়ে নয় বরং লোকালয়ে মানুষের সঙ্গেই স্বাচ্ছন্দ্যে বসবাস করে। নিশাচর প্রাণী হওয়া সত্ত্বেও দিনের আলোতে নির্ভয়ে তার ঘুরে বেড়ানোর দৃশ্য দর্শকদের অবাক করবে। এছাড়া নিয়মিত অভিনয়শিল্পীদের অংশগ্রহণে থাকছে ভালোবাসা দিবসের বিশেষ কিছু মজার নাটিকা।

১৪ ফেব্রুয়ারি শনিবার রাত ৮টা ৫ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে পাঁচফোড়ন। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top