বিজয়ের সঙ্গে বিয়ের গুঞ্জন, আলোচনায় রাশমিকার ভেঙে যাওয়া বাগদান

দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে বলিউড- সর্বত্রই এখন আলোচনার কেন্দ্রে রয়েছেন বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা। শোনা যাচ্ছে, আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে রাজকীয় আয়োজনে বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই তারকা জুটি। যদিও এ বিষয়ে এখনো তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

এই বিয়ের গুঞ্জনের মাঝেই ফের আলোচনায় উঠে এসেছে রাশমিকা মান্দানার জীবনের এক পুরোনো অধ্যায়- তার ভেঙে যাওয়া বাগদানের ঘটনা। বলিউডে পা রাখার অনেক আগেই দক্ষিণী অভিনেতা রক্ষিত শেট্টীর সঙ্গে বাগদান সেরেছিলেন রাশমিকা।

২০১৬ সালে মুক্তি পাওয়া কন্নড় ছবি ‘কিরিক পার্টি’র মাধ্যমে অভিনয় জগতে যাত্রা শুরু করেন রাশমিকা। ছবিটির প্রযোজক ছিলেন রক্ষিত শেঠি। ওই ছবির সেটেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক বছরের মাথায়, ২০১৭ সালে বাগদানের মাধ্যমে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করেন তারা।

তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। ২০১৮ সালে এসে রাশমিকা ও রক্ষিতের সম্পর্কে চিড় ধরে। শেষ পর্যন্ত বাগদান ভেঙে বেরিয়ে আসেন দুই তারকাই। যদিও সম্পর্ক ভাঙলেও প্রকাশ্যে পরস্পরের প্রতি কোনো তিক্ততা প্রকাশ করেননি কেউ।

বাগদানের সময় রাশমিকার বয়স ছিল মাত্র ২১ বছর, আর রক্ষিতের বয়স ছিল ৩৪। বয়সের ব্যবধান ১৩ বছর হলেও তা তাদের সম্পর্কে বিশেষ প্রভাব ফেলেনি। ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের নিয়ে বেশ ঘটা করেই আংটিবদলের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে আড়াই হাজারের বেশি অতিথির উপস্থিতি ছিল বলে জানা যায়।

২০১৮ সালেই মুক্তি পায় ‘গীত গোবিন্দম’- যেখানে বিজয় দেবরকোন্ডার বিপরীতে অভিনয় করেন রাশমিকা। সিনেমা মুক্তির পর দর্শকদের নজর কাড়ে তাঁদের অনস্ক্রিন রসায়ন। এরপরই একই বছরের সেপ্টেম্বর মাসে রাশমিকা ও রক্ষিতের বাগদান ভাঙার খবর প্রকাশ্যে আসে। শোনা যায়, দুই পরিবারের পক্ষ থেকেই আংটি ফিরিয়ে দেওয়া হয়।

ইন্ডাস্ট্রির অন্দরে তখন গুঞ্জন ছড়ায়, বিজয় ও রাশমিকার ঘনিষ্ঠতাই নাকি রক্ষিতের সঙ্গে সম্পর্ক ভাঙার অন্যতম কারণ। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট কেউই কখনো সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে এই গুঞ্জনের জেরে বিভিন্ন সময় সমালোচনা ও কটাক্ষের মুখে পড়তে হয় রাশমিকাকে।

বর্তমানে বিজয় দেবরকোন্ডার সঙ্গে রাশমিকার সম্ভাব্য বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে। এখন দেখার বিষয়, এই গুঞ্জন আদৌ বাস্তবে রূপ নেয় কি না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top