আপডেট: ১৯ মার্চ ২০২৬
বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর কবে পালন করা হবে, তা জানা যাবে আজ বৃহস্পতিবার সন্ধ্যায়। পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার পর এবং ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। সেই বৈঠক থেকেই ঈদের তারিখ নির্ধারণ করা হবে, এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
যদি আজ চাঁদ দেখা যায়, তাহলে আগামীকাল শুক্রবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। আর যদি চাঁদ দেখা না যায়, তাহলে বাংলাদেশে ঈদুল ফিতর হবে আগামী শনিবার।সাধারণত দেখা যায়, সৌদি আরবে যেদিন ঈদ হয়, তার পরদিন বাংলাদেশে ঈদ হয়। সৌদি আরবে আগামীকাল ঈদুল ফিতর উদ্যাপিত হবে। সেই হিসাবে শনিবার বাংলাদেশে ঈদ হতে পারে বলে অনেকেই মনে করছেন.
ইসলামিক ফাউন্ডেশনের প্রধান (দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ) মোহাম্মদ হারুনুর রশীদ প্রথম আলোকে বলেন, ‘সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়, এটি সঠিক নয়। আমাদের কমিটি আছে, তারা চাঁদ দেখে সিদ্ধান্ত নেয়।’মোহাম্মদ হারুনুর রশীদ বলেন, বর্তমানে জাতীয় চাঁদ দেখা কমিটি ২০ সদস্যের। এ কমিটির সভাপতি ধর্মমন্ত্রী ও সহসভাপতি ধর্ম মন্ত্রণালয়ের সচিব। আর সদস্যসচিবের দায়িত্ব পালন করছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক। অন্যরা সবাই সদস্য। এ ছাড়া জেলা পর্যায়ে জেলা প্রশাসক সভাপতি ও ইসলামিক ফাউন্ডেশনের স্থানীয় অফিস পরিচালক সহসভাপতি মিলিয়ে ৯ থেকে ১০ সদস্যের একটি কমিটি থাকে। তারা চাঁদ দেখে ঢাকায় কেন্দ্রীয় কমিটিতে প্রতিবেদন পাঠায়, এরপর আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়।
ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, পবিত্র রমজান, পবিত্র ঈদুল ফিতর, পবিত্র ঈদুল আজহা, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-সহ বিভিন্ন ইসলামিক দিবস ও উৎসবের সঠিক তারিখ নির্ধারণ করার জন্য চাঁদ দেখার প্রয়োজন হয়। সেসব দিবস ও উৎসবের পূর্ববর্তী চাঁদ্রমাসের ২৯ তারিখে এই কমিটির সভা আহ্বান করা হয়।একই বিষয়ে জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে কমিটি আছে। একই দিনে জেলা কমিটি তাদের জেলায় চাঁদ দেখা গেল কি না, সে তথ্য জাতীয় কমিটির কাছে একটি অ্যাপের মাধ্যমে পাঠায়। পরে জাতীয় কমিটি জেলা পর্যায় থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়।


