প্রেমিকের মৃত্যুর পর বেকার হয়ে পড়েন অভিনেত্রী

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কার্যত থমকে গিয়েছিল অভিনেত্রী রিয়া চক্রবর্তীর অভিনয়জীবন। হাতে কাজ থাকা তো দূরের কথা, কেউ নাকি তাঁর সঙ্গে পর্দায় স্ক্রিন শেয়ার করতেও আগ্রহ দেখাননি। সেই দুঃসময়, মানসিক ভাঙন আর দীর্ঘ লড়াইয়ের কথা প্রকাশ্যে জানালেন অভিনেত্রী নিজেই। প্রায় সাত বছর পর অভিনয়ে ফিরছেন রিয়া—হনসল মেহতার নতুন ওয়েব সিরিজে।

নতুন এই সিরিজে রিয়ার সহশিল্পী অনিল কাপুর। অভিনয়ে প্রত্যাবর্তনের আগে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়ের কথা খুলে বলেন তিনি।

রিয়া বলেন, এক দশকেরও বেশি সময় ধরে অভিনয় জগতে জায়গা করে নিতে আমি লড়াই করেছি, পরিশ্রম করেছি। কিন্তু একটা সময় এসে আমাকে অভিনয় নিয়ে ভাবাই বন্ধ করে দিতে হয়েছিল। সুশান্তের মৃত্যুর পর আমি কোনও কাজ পাচ্ছিলাম না। এমনকি কেউ আমার সঙ্গে অভিনয় করতেও চাইত না, স্ক্রিন শেয়ার করতে রাজি ছিল না। এই পরিস্থিতি ধীরে ধীরে আমার মানসিক অবস্থাকে একেবারে তলানিতে নিয়ে গিয়েছিল। সেই সময় আমাকে বহু থেরাপির মধ্য দিয়ে যেতে হয়েছে।”

হনসল মেহতার সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে রিয়া জানান, শুরুতে এই প্রস্তাবে তিনি রাজি ছিলেন না।
“হনসল স্যার যখন আমাকে এই সিরিজের প্রস্তাব দেন, আমি প্রথমে না বলেছিলাম। ওনাকে বলেছিলাম, আমি অভিনয় ছেড়ে দিয়েছি। কিন্তু তিনি বললেন—এই চরিত্রে তোমাকেই দরকার। তুমি ভালো করো বা খারাপ, তাতে কিছু যায় আসে না। তখনই আমি হ্যাঁ বলি। শুটিং ফ্লোরে ফিরে বুঝতে পারি, অভিনয়ই আমার আসল জায়গা। এটা যেন সাঁতার শেখা বা সাইকেল চালানোর মতো—চাইলেই যাকে এড়িয়ে যাওয়া যায় না।”

কঠিন সময়ের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রিয়া। বলেন, এই সময়ে যারা আমার পাশে থেকেছেন, যারা আমাকে মানসিকভাবে শক্ত করেছেন, আমি তাঁদের সারা জীবন মনে রাখব। আমি বুঝেছি আসল বন্ধুত্ব কী। যেমন অনেক নারী আমাকে কটাক্ষ করেছেন, ঠিক তেমনই অনেক নারী আবার আমার পাশে দাঁড়িয়ে আমাকে সাহস জুগিয়েছেন। তাঁদের কথা আমি কোনওদিন ভুলব না ‘

উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যু গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। সেই শোক আজও কাটিয়ে উঠতে পারেননি তাঁর অনুরাগীরা। এই ঘটনার পর থেকেই আমূল বদলে যায় তাঁর তৎকালীন প্রেমিকা রিয়া চক্রবর্তীর জীবন। সুশান্তের মৃত্যুকাণ্ডে অভিযোগের আঙুল ওঠে রিয়ার দিকেও। দীর্ঘদিন ধরে নানা বিতর্ক ও আইনি জটিলতার মধ্যে দিয়ে যেতে হয় তাঁকে, এমনকি হাজতবাসও করতে হয়েছে।

1 thought on “প্রেমিকের মৃত্যুর পর বেকার হয়ে পড়েন অভিনেত্রী”

  1. সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কার্যত থমকে গিয়েছিল অভিনেত্রী রিয়া চক্রবর্তীর অভিনয়জীবন।

Leave a Reply to Md Sohel Rana Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top