‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ ছবির প্রথম ঝলক প্রকাশের পর থেকেই আলোচনা-সমালোচনায় রয়েছে ছবিটি। এবার দ্বিতীয় ঝলক প্রকাশের পর নতুন করে বিতর্কে জড়ালেন কন্নড় সুপারস্টার যশ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) প্রকাশিত দ্বিতীয় ঝলকে সহিংসতা, রক্তাক্ত সংঘর্ষ এবং প্রাপ্তবয়স্ক ইঙ্গিতপূর্ণ দৃশ্যের প্রাধান্য দেখা গেছে। পুরো ভিডিওজুড়ে যশের চরিত্রের উগ্রতা, রাগ, ধূমপান, অন্তরঙ্গ মুহূর্ত এবং নির্মম লড়াইয়ের দৃশ্য তুলে ধরা হয়েছে। একই সঙ্গে রয়েছে প্রতিপক্ষকে দমন করার দৃঢ় উপস্থিতি।
নতুন ঝলক ঘিরে উঠেছে ‘উগ্র পৌরুষ’ প্রদর্শনের অভিযোগ। যদিও ছবিতে একাধিক নারী চরিত্র রয়েছেন-নয়নতারা, কিয়ারা আদবানি, তারা সুতারিয়াসহ আরও অনেকে-তবু দ্বিতীয় ঝলকে তাঁদের উপস্থিতি প্রায় অনুপস্থিত বলেই মত সমালোচকদের।
সমাজিক মাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন, ঝলকের কেন্দ্রে কেবল যশের চরিত্র। নারীরা মাঝেমধ্যে দেখা দিলেও তাঁদের ভূমিকা সীমিত। কেউ কেউ কটাক্ষ করে লিখেছেন, নায়ককে শক্তিশালী করে তুলতেই যেন নারী চরিত্রের ব্যবহার।
ছবিটি পরিচালনা করেছেন গীতু মোহনদাস। প্রথম ঝলক প্রকাশের সময়ও তাঁর দিকে একই প্রশ্ন উঠেছিল—নারী নির্মাতা হয়েও কেন এমন পুরুষতান্ত্রিক উপস্থাপনা? দ্বিতীয় ঝলকের পর সেই বিতর্ক আবারও সামনে এসেছে।
তবে ভক্তদের একাংশ বলছেন, এটি কেবল ছবির সংক্ষিপ্ত ঝলক; পুরো কাহিনি না জেনে চূড়ান্ত মন্তব্য করা ঠিক নয়। তাঁদের মতে, প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির পরই প্রকৃত মূল্যায়ন সম্ভব।


