গায়িকার নাম ব্যবহার করে বিছানার চাদর-বালিশ বিক্রি, আইনি ব্যবস্থা

পপ সম্রাজ্ঞী টেইলর সুইফটের নাম ও খ্যাতি ব্যবহার করে পণ্য বিক্রির চেষ্টার অভিযোগে একটি বিছানার চাদর ও বালিশ (বেডিং) প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি যুদ্ধে নেমেছেন এই তারকা। ‌‘সুইফট হোম’ নামক ট্রেডমার্কটি বাতিলের জন্য মার্কিন সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি। 

সুইফটের দাবি, এই নাম ব্যবহার করলে সাধারণ গ্রাহকরা বিভ্রান্ত হয়ে ভাবতে পারেন যে পণ্যগুলো তার নিজের বা তিনি এগুলো প্রচার করছেন।

টেইলর সুইফটের আইনি দল জানিয়েছে, নিউ ইয়র্ক ভিত্তিক প্রতিষ্ঠান ‘ক্যাথে হোম’ তাদের পণ্যের ব্র্যান্ডিংয়ে শব্দটিকে যেভাবে লোগো হিসেবে ব্যবহার করেছে, তা গায়িকার সিগনেচার বা সইয়ের হুবহু অনুকরণ। গত বুধবার মার্কিন পেটেন্ট ও ট্রেডমার্ক অফিসে জমা দেওয়া এক নথিতে সুইফটের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ‘টিএএস রাইটস ম্যানেজমেন্ট এলএলসি’ এই আপিল জানায়।

নথিতে বলা হয়েছে, ক্যাথে হোম ইচ্ছাকৃতভাবে টেইলর সুইফটের ‘গুডউইল’ বা আকাশচুম্বী জনপ্রিয়তা ব্যবহার করে ব্যবসা করতে চাইছে। ‘সুইফট হোম’ নামটি গ্রাহকদের মনে একটি ভুল ধারণা তৈরি করে যে পপ তারকার সঙ্গে এই প্রতিষ্ঠানের কোনো ব্যবসায়িক সম্পর্ক আছে।

উল্লেখ্য, টেইলর সুইফট তার নাম, আদ্যক্ষর, অ্যালবামের নাম এবং এমনকি গানের কিছু চরণের সুরক্ষায় এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৩০০টিরও বেশি ট্রেডমার্ক নিবন্ধন করেছেন। তার আইনি নথিতে উল্লেখ করা হয়েছে যে, পোশাক, গান এবং বিছানার চাদরসহ বিভিন্ন গৃহস্থালি পণ্যের ওপর তার নামের কপিরাইট ও ট্রেডমার্ক আগে থেকেই সংরক্ষিত।

ক্যাথে হোম বড় বড় রিটেইল চেইনের মাধ্যমে তাদের পণ্য বিক্রি করে থাকে। তারা তাদের বেডিং আইটেমের জন্য ‘সুইফট হোম’ নামটির ট্রেডমার্ক পাওয়ার আবেদন করেছিল। বিবিসি এই বিষয়ে ক্যাথে হোম এবং টেইলর সুইফটের টিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বর্তমানে বিশ্বের অন্যতম ধনী সংগীতশিল্পী টেইলর সুইফট। সম্প্রতি তার রেকর্ডভাঙা বিশ্বভ্রমণ বা ‘এরাস ট্যুর’ থেকে আয়ের পর তার নিট সম্পদ ১০০ কোটি ডলার বা ১ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। নিজের ব্র্যান্ড ইমেজ রক্ষায় তিনি বরাবরই অত্যন্ত কঠোর অবস্থানে থাকেন, যার সর্বশেষ উদাহরণ এই আইনি পদক্ষেপ।

সূত্র: বিবিসি

1 thought on “গায়িকার নাম ব্যবহার করে বিছানার চাদর-বালিশ বিক্রি, আইনি ব্যবস্থা”

  1. পপ সম্রাজ্ঞী টেইলর সুইফটের নাম ও খ্যাতি ব্যবহার করে পণ্য বিক্রির চেষ্টার অভিযোগে একটি বিছানার চাদর ও বালিশ (বেডিং) প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি যুদ্ধে নেমেছেন এই তারকা।

Leave a Reply to Md Sohel Rana Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top