কারামুক্তির পর অবশেষে শুটিংয়ে ফিরলেন রাজপাল যাদব

চেক বাউন্স মামলায় তিহার জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার মাত্র কয়েক দিনের মাথায় আবারও চিরচেনা লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফিরেছেন বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব। মুম্বাই পৌঁছানোর পরপরই তিনি ‌‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমার শুটিং শুরু করেছেন বলে তার ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে। 

আগামী ২৮ ফেব্রুয়ারি এই অভিনেতা মুম্বাইয়ে একটি সংবাদ সম্মেলন করবেন বলেও জানা গেছে।

দিল্লি হাইকোর্ট সম্প্রতি রাজপাল যাদবের সাজা ১৮ মার্চ পর্যন্ত স্থগিত করে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়। বিচারপতি স্বর্ণ কান্ত শর্মার বেঞ্চ ১ লাখ টাকার ব্যক্তিগত বন্ড এবং সমপরিমাণ অর্থের এক জামিনদারের বিনিময়ে এই আদেশ প্রদান করেন। আদালত লক্ষ করেছে যে, অভিযোগকারীর ব্যাংক অ্যাকাউন্টে ইতোমধ্যে দেড় কোটি টাকা জমা দেওয়া হয়েছে। কারাগার থেকে মুক্তির পর রাজপাল যাদব সামাজিক যোগাযোগমাধ্যমে হিন্দি ভাষায় ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান যে, সবার ভালোবাসা ও সমর্থনের জন্য তিনি অত্যন্ত অভিভূত।

সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে আলাপকালে অভিনেতা তার তিন দশকের দীর্ঘ অভিনয় জীবনের স্মৃতিচারণ করেন। চলমান আইনি জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, যেহেতু বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন, তাই এ সংক্রান্ত যেকোনো আইনি তথ্যের জন্য তার আইনজীবী ভাস্কর উপাধ্যায় সঠিক ব্যাখ্যা দেবেন। তিনি এখন পুরোপুরি কাজে মনোযোগ দিতে চান।

আহমেদ খান পরিচালিত ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমাটিতে এক বিশাল তারকাবহর থাকছে। রাজপাল যাদব ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন অক্ষয় কুমার, সুনীল শেঠি, জ্যাকি শ্রফ, রাভিনা ট্যান্ডন, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্দেজ, আরশাদ ওয়ার্সি, পরেশ রাওয়াল এবং জনি লিভারের মতো তারকারা। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির এই নতুন কিস্তিটি নিয়ে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে।

সূত্র: এনডিটিভি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top