‘ইবাদত আমার কাছে শুধু অনুভূতি নয়, দায়িত্ব ও চর্চা’

সামাজিক যোগাযোগ মাধ্যমে হিজাব পরিহিত একটি ছবি শেয়ার করে নিজের বিশ্বাস, ব্যক্তিত্ব ও ধর্মচর্চা নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছেন জনপ্রিয় মডেল, অভিনেত্রী, উপস্থাপিকা ও আইনজীবী পিয়া জান্নাতুল।

সম্প্রতি দেওয়া ওই পোস্টে তিনি জানান, তার একাধিক পরিচয় রয়েছে—তিনি যেমন একজন ফ্যাশন মডেল, তেমনি একজন আইনজীবীও। আধুনিক চিন্তাধারা ও নিজস্ব মত প্রকাশের স্বাধীনতার পাশাপাশি নিজের ধর্মীয় বিশ্বাসকে সম্মান করাও তার ব্যক্তিত্বের অবিচ্ছেদ্য অংশ বলে উল্লেখ করেন তিনি।

পিয়া জানান, ছবিটি দ্বিতীয় তারাবি আদায়ের পরের দিনের। পোস্টে তিনি লেখেন,’ইবাদত আমার কাছে শুধু অনুভূতি নয়, দায়িত্ব এবং চর্চা।’

পোস্টটির মন্তব্য ঘরে সমালোচনার প্রসঙ্গও উঠে আসে। এক ব্যবহারকারী নেইলপলিশ পরে নামাজ আদায় করা নিয়ে প্রশ্ন তোলেন। এ বিষয়ে পিয়া প্রতিক্রিয়ায় বলেন, কারও কাজ সবার পছন্দ নাও হতে পারে এটি স্বাভাবিক। তবে পারস্পরিক সম্মান বজায় রাখা জরুরি।

তার ভাষায়,’আমার বা যেকোনো মানুষের কাজ আপনার পছন্দ হতে পারে, নাও হতে পারে সেটা স্বাভাবিক। ভালো লাগলে সম্মান করুন, না লাগলে এড়িয়ে যান। কিন্তু সম্মানটা যেন সব সময় থাকে—সব মানুষের জন্য, সব ধর্মের জন্য, সবার বিশ্বাসের জন্য।’

পোস্টের শেষাংশে তিনি সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব অর্জন করেন পিয়া জান্নাতুল। পরে ২০১২ সালে চোরবালি চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top