আঘাতের চিহ্ন দেখিয়ে বিচার চাইলেন পাকিস্তানি মডেল

প্রাক্তন স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন পাকিস্তানি মডেল ইকরা নাসির সিদ্দিকী। এ ঘটনায় তিনি থানায় একটি মামলা দায়ের করেছেন। গত ১১ ফেব্রুয়ারি তাকে মারধর করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করেছেন তিনি। 

ইকরার অভিযোগ, তার প্রাক্তন স্বামী তাকে দীর্ঘক্ষণ ধরে শারীরিক নির্যাতন করেন এবং একপর্যায়ে ছুরি দিয়ে প্রাণনাশের হুমকি দেন। এই ঘটনার প্রেক্ষিতে তিনি দণ্ডবিধির ৩৫৪ ও ৫০৬ ধারায় পুলিশের কাছে মামলা করেন। 

সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের শরীরে আঘাতের চিহ্ন এবং এফআইআরের কপি শেয়ার করে তিনি আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

মডেল ইকরা জানান, তিনি দীর্ঘ সময় ধরে এই নির্যাতন সহ্য করে আসছিলেন। তবে এখন তিনি কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন কারণ তার মতে, নীরবতা শুধু অপরাধীকে সুরক্ষা দেয়, ভুক্তভোগীকে নয়। তিনি আরও বলেন, এই লজ্জা তার নয়, বরং যারা নির্যাতন করেছে তাদের। তিনি অন্যের জন্য লজ্জা বা গ্লানি আর বয়ে বেড়াতে চান না।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ইকরা পবিত্র কুরআনের আয়াত উদ্ধৃত করে লেখেন, আল্লাহ সকল অন্যায় ও অশ্রুপাত সম্পর্কে অবগত আছেন। সূরা ইব্রাহিমের একটি আয়াতের কথা উল্লেখ করে তিনি বলেন, জালেমরা যা করে আল্লাহ তা সম্পর্কে গাফেল নন।

অত্যাচারকে শক্তি নয় বরং ভীরুতা হিসেবে উল্লেখ করে তিনি আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও ন্যায়বিচারের আশা প্রকাশ করেন; একই সঙ্গে সকল নারীর নিরাপত্তা ও সাহসের জন্য তিনি প্রার্থনা করেন। 

যদিও পরবর্তীতে সেই পোষ্টটি সরিয়ে দেন এই মডেল। তার ইনস্টাগ্রাম প্রোফাইলে দেখা মেলেনি পোস্টের। এ নিয়ে আলাদা করে কোনো বিবৃতিও দেননি ইকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top