৬১৫০ কোটি টাকার ক্ষতি ঠেকাতে বিসিবিকে বড় ছাড় দিতে চলেছে আইসিসি

লাহোরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, পাকিস্তান ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দীর্ঘ বৈঠকের পর ক্ষতিপূরণসহ বিসিবিকে তিনটি সুবিধা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি।

রবিবার  লাহোরে আইসিসি, পিসিবি, বিসিবির মধ্যে আলোচনায় বসে তিন পক্ষ। সূত্র বলছে, বৈঠক চলে পাঁচ ঘণ্টারও বেশি সময়। সেখানে বাংলাদেশের উত্থাপিত অভিযোগ ও অতীতের অবিচার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শেষ পর্যন্ত একটি সমঝোতার কাঠামোতে পৌঁছায় সংশ্লিষ্টরা।

ভারতে খেলতে অস্বীকৃতি জানানোর পর এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয় আইসিসি। এরপর পাকিস্তানও ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয়। আগামী ১৫ ফেব্রুয়ারি নির্ধারিত ভারত পাকিস্তান ম্যাচ মাঠে না গড়ালে আইসিসির সম্ভাব্য ক্ষতি দাঁড়াবে ৬১৫০ কোটি টাকা। এই আর্থিক ক্ষতি ঠেকাতেই ম্যাচ আয়োজনের ব্যাপারে মরিয়া হয়ে উঠেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

এই প্রেক্ষাপটে গতকাল বিকালে লাহোরে পিসিবি, বিসিবিকে নিয়ে আলোচনায় বসে আইসিসি। বৈঠকে মূল আলোচনা হয় আইসিসি ও বিসিবির মধ্যে। পাকিস্তান ক্রিকেট বোর্ড এখানে সমন্বয়কের ভূমিকা পালন করে দুই পক্ষের যোগাযোগ রক্ষা করেছে।

সূত্র জানায়, আলোচনার পর একটি ফর্মুলা তৈরি হয়েছে। সেই ফর্মুলা অনুযায়ী বিসিবিকে তিনটি সুবিধা দেবে আইসিসি। প্রথমত, বিশ্বকাপে না খেলায় ক্ষতিপূরণ পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দ্বিতীয়ত, বিশ্বকাপের লভ্যাংশও পাবে বিসিবি। আর তৃতীয় সুবিধা হিসেবে ভবিষ্যতে ভারতে কোনো টুর্নামেন্ট হলে হাইব্রিড মডেলে খেলতে দেওয়া হবে বাংলাদেশকে।

আলোচনার পর আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা প্রস্তাবিত সুপারিশের চূড়ান্ত অনুমোদন নিতে বৈঠক ছেড়ে যান। একই সময় বিসিবি সভাপতি সরকারের কাছে সর্বশেষ পরিস্থিতি জানাতে ফিরে যান।

সমঝোতার কাঠামোয় একমত হওয়ার পর সোমবার দুপুরে আইসিসি ও বিসিবির মধ্যে আবার যোগাযোগ হতে পারে। এরপর বিষয়টি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হওয়ার প্রক্রিয়া এগোবে বলে জানা গেছে।

2 thoughts on “৬১৫০ কোটি টাকার ক্ষতি ঠেকাতে বিসিবিকে বড় ছাড় দিতে চলেছে আইসিসি”

  1. লাহোরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, পাকিস্তান ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দীর্ঘ বৈঠকের পর ক্ষতিপূরণসহ বিসিবিকে তিনটি সুবিধা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top