নিউইয়র্কে শক্তিশালী তুষারঝড়ে নগরজুড়ে ভ্রমণ নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী তুষারঝড় আঘাত হানায় নিউইয়র্কে নগরজুড়ে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগের কারণে সোমবার নগরীর স্কুলও বন্ধ রাখা হয়েছে। 

ওয়াশিংটন থেকে শুরু করে উত্তরের অঙ্গরাজ্য মেইন পর্যন্ত কয়েক কোটি মানুষ দুর্যোগপূর্ব প্রস্তুতি নিয়েছেন। কিছু এলাকায় দুই ফুট বা ৬০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানায়, সোমবার ভোরে নিউইয়র্কে হালকা তুষারপাত ও ‘ফ্রিজিং ফগ’ রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা নেমে আসে ৩০ ডিগ্রি ফারেনহাইট বা মাইনাস ১ ডিগ্রি সেলসিয়াসে।

সংস্থাটি সতর্ক করে বলেছে, মেরিল্যান্ড থেকে দক্ষিণ-পূর্ব নিউ ইংল্যান্ড পর্যন্ত দ্রুত তুষারঝড়ের পরিস্থিতি তৈরি হবে। এতে ভ্রমণ ‘অত্যন্ত বিপজ্জনক’ হয়ে উঠবে।

ঝড়ের তীব্রতম সময়ে ঘণ্টায় দুই থেকে তিন ইঞ্চি হারে তুষারপাত হতে পারে। প্রায় ৫ কোটি ৪০ লাখ বাসিন্দা এর প্রভাবপথে রয়েছে।

সোমবার ভোরেই ঝড় নিউইয়র্কে আঘাত হানে। এর ফলে দৃশ্যমানতা এতটাই কমে যায় যে পাশের বরো ব্রুকলিন থেকে ওয়াল স্ট্রিটের আকাশচুম্বী ভবনগুলো প্রায় দেখাই যাচ্ছিল না।

ভারী তুষারপাত ও দমকা হাওয়ায় বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা করা হচ্ছে। ট্র্যাকিং ওয়েবসাইটপাওয়ার আউটেজ. ইউএজানায়, স্থানীয় সময় সোমবার রাত ১টা ৩৯ মিনিটে নিউ জার্সি অঙ্গরাজ্যে প্রায় ৮০ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল।

ফ্লাইট ট্র্যাকার ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য অনুযায়ী, সোমবার ভোর পর্যন্ত পাঁচ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

৮০ লক্ষাধিক জনসংখ্যার নিউইয়র্কে মেয়র জোহরান মামদানি বলেন, রবিবার রাত ৯টা থেকে সোমবার দুপুর পর্যন্ত সড়ক, মহাসড়ক ও সেতু বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, ‘গত এক দশকে নিউইয়র্ক সিটি এ ধরনের ঝড়ের মুখোমুখি হয়নি।’ 

জরুরি অবস্থা ঘোষণার ব্যাখ্যায় তিনি বলেন, ‘আমরা নিউইয়র্কবাসীকে অপ্রয়োজনীয় সব ধরনের ভ্রমণ এড়াতে অনুরোধ করছি।’

তবে জরুরি সেবা কর্মী বা জরুরি প্রয়োজনে যাতায়াতের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

ব্রুকলিনের বাসিন্দা ৩৩ বছর বয়সী ব্র্যান্ডন স্মিথ অভিযোগ করেন, সড়ক বন্ধ থাকলেও কিছু কর্মস্থল খোলা রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ‘অধিকাংশ নিউইয়র্কবাসীর চলাচল কঠিন হবে, কারণ আমাদের কাজেও যেতে হয়। সড়ক বন্ধ, কিন্তু কাজ তো বন্ধ হচ্ছে না।’

অন্যদিকে, পর্যটকরা প্রথম তুষারপাতের অভিজ্ঞতায় আনন্দিত। চিলি থেকে আসা মাকারেনা গনজালেস বলেন, তুষারপাত হবে জানতেন, তবে এতটা হবে ভাবেননি।

এনডব্লিউএস সতর্ক করেছে, ভারী তুষার, প্রবল বাতাস ও কম দৃশ্যমানতার কারণে চলাচল ‘বিপজ্জনক থেকে অসম্ভব’ হয়ে উঠতে পারে।

রবিবার রাত থেকে সোমবার পর্যন্ত ঘণ্টায় ৬০ মাইল বা ১০০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
বস্টনে মেয়র মিশেল উ সোমবার সব সরকারি স্কুল ও পৌর ভবন বন্ধ ঘোষণা করেন।

সূত্র : এএফপি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top