২৫ বছর পর মন্ত্রিপরিষদে নগরকান্দার সন্তান

কে এম ওবায়দুর রহমান বাংলাদেশের রাজনীতিতে অগ্রগণ্য একটি নাম। তার বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে। তিনি একসময়ের মন্ত্রী ও বিএনপির সাবেক মহাসচিব ছিলেন। 

২০০৭ সালে বাবা কে এম ওবায়দুর রহমানের মৃত্যুর পর রাজনীতিতে নামেন তার একমাত্র সন্তান শামা ওবায়েদ। তিনি ২০০৮ সালে ফরিদপুর-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রথম নির্বাচনে অংশগ্রহণ করেন। শুরু হয় রাজনীতির কঠিন পথে তার পথচলা। 

শামা ওবায়েদ পরবর্তী সময়ে ধীরে ধীরে নিজেকে দক্ষ রাজনীতিক হিসেবে গড়ে তোলেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হন। দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দীর্ঘ লড়াই ও সংগ্রামে অগ্রণী ভূমিকা রয়েছে তার। সর্বশেষ ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শামা ওবায়েদ ফরিদপুর -২ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। 

নির্বাচনের আগে থেকেই এলাকাবাসী প্রত্যাশায় ছিলেন তাদের সন্তান শামা ওবায়েদ বিএনপি ক্ষমতায় গেলে মন্ত্রিপরিষদে স্থান পাবেন। অবশেষে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবে রূপ নিয়েছে। মঙ্গলবার প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন তিনি। এ খবরে নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনের জনগণের মধ্যে আনন্দ বিরাজ করছে। 

এ আসন থেকে সর্বশেষ ২০০১ সালের অক্টোবর পর্যন্ত বন ও পরিবেশমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন সাবেক এমপি ও আওয়ামী লীগের তৎকালীন প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। এরপর দীর্ঘ ২৫ বছরে এ আসনে কেউ মন্ত্রী বা প্রতিমন্ত্রী হননি। দীর্ঘ ২৫ বছর পর মন্ত্রিপরিষদে জায়গা পেয়েছেন নগরকান্দার সন্তান শামা ওবায়েদ।

নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ বলেন, ‘আমাদের নগরকান্দা ও সালথাবাসীর প্রিয়নেত্রী শামা ওবায়েদ মন্ত্রিপরিষদে স্থান পেয়েছেন। এ খবর দুই উপজেলার মানুষের জন্য অত্যন্ত আনন্দের। যোগ্য পিতার যোগ্য সন্তান হিসেবে তিনিও পিতার মতো এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবেন, এটাই আমরা প্রত্যাশা করি।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top