কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, হামলাকারীসহ নিহত ১০

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে একটি স্কুলে বন্দুকধারীর হামলায় হামলাকারীসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২৫ জন।

বুধবার স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)। পুলিশ জানায়, স্কুলের ভেতর থেকেই সন্দেহভাজন হামলাকারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনাস্থল থেকে ছয়জনের লাশ উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। এছাড়া কমিউনিটির একটি আবাসিক ভবন থেকে আরও দুজনের মরদেহ পাওয়া গেছে।

হামলার পরপরই টাম্বলার রিজ এলাকায় সতর্কতা জারি করা হয় এবং বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়। আশপাশের এলাকা থেকে অতিরিক্ত পুলিশ ও অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবা মোতায়েন করা হয়েছে।

পিস রিভার সাউথ স্কুল ডিস্ট্রিক্ট জানায়, ঘটনার পর টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল ও টাম্বলার রিজ এলিমেন্টারি স্কুলে ‘লকডাউন’ ও ‘সিকিউর অ্যান্ড হোল্ড’ জারি করা হয়।

এলাকার আইনপ্রণেতা ল্যারি নিউফেল্ড বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ ও চিকিৎসা সহায়তা পাঠানো হয়েছে। তবে চলমান অভিযানের স্বার্থে বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা হচ্ছে না।

প্রাদেশিক সরকারের তথ্য অনুযায়ী, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রায় ১৭৫ জন শিক্ষার্থী রয়েছে।

ঘটনার পর পুরো এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হতাহতের প্রকৃত সংখ্যা ও হামলার পেছনের কারণ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সূত্র: আলজাজিরা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top