হজের ভিসা পাওয়া যাবে কবে থেকে, জানাল সৌদি আরব

পবিত্র হজ মৌসুমকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশের হজযাত্রীদের জন্য ভিসা ইস্যুর সময়সূচি ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে আন্তর্জাতিক হজযাত্রীদের জন্য হজ ভিসা ইস্যু কার্যক্রম শুরু হবে।

সংবাদমাধ্যম জিও নিউজের বরাতে জানা যায়, বৃহস্পতিবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

অন্যদিকে সৌদি গেজেট জানায়, হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর প্রায় চার মাস আগেই ভিসা কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হলো হজ ব্যবস্থাপনার প্রস্তুতি আরও জোরদার করা এবং হজযাত্রীদের সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা। এই উদ্যোগ সৌদি আরবের ‘ভিশন ২০৩০’–এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও উল্লেখ করা হয়।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, বিদেশ থেকে আগত হজযাত্রীদের জন্য পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সব সেবার শতভাগ চুক্তি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। একই সঙ্গে ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কার সব আবাসনসংক্রান্ত চুক্তিও চূড়ান্ত করা হয়েছে।

এ পর্যন্ত প্রায় সাত লাখ ৫০ হাজার হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে নিজ নিজ দেশ থেকে সরাসরি ৩০ হাজার হজযাত্রী হজ প্যাকেজ বুক করেছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

আন্তর্জাতিক হজযাত্রীদের জন্য পবিত্র স্থানগুলোতে ৪৮৫টি ক্যাম্প বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি ৭৩টি হজবিষয়ক দপ্তর তাদের প্রাথমিক চুক্তিগত প্রস্তুতি শেষ করেছে।

এদিকে বাংলাদেশ থেকে ২০২৬ সালের হজের জন্য সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধিত সব হজযাত্রীর সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা ও নির্ধারিত টিকা সম্পন্ন করে ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে ভিসার আবেদন করতে হবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিসহ সব হজযাত্রীকে সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা এবং নির্ধারিত টিকাকেন্দ্র থেকে টিকা নিয়ে ফিটনেস সনদ সংগ্রহ করে ২০ মার্চের মধ্যে ভিসার আবেদন করার অনুরোধ জানানো হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় আরও জানায়, চলতি বছর ফিটনেস সনদ ছাড়া কোনো হজযাত্রী হজে যেতে পারবেন না। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। আর হজ ফ্লাইট শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১৮ এপ্রিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top