বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি খুবই দুঃখজনক: ডি ভিলিয়ার্স

ভারতে নিরাপত্তা শঙ্কা দেখিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। নিরাপত্তাজনিত উদ্বেগে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ করলেও আইসিসি তা মেনে নেয়নি। এরপর বিশ্বকাপ থেকে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। এই ঘটনার প্রেক্ষিতে সাবেক দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সও মুখ খুলেছেন এবং বাংলাদেশের অনুপস্থিতিকে ক্রিকেটের জন্য ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন।

ডি ভিলিয়ার্সের ইউটিউব চ্যানেল ‘এবি ডি ভিলিয়ার্স ৩৬০’ এ দুই দিন আগে একটি ভিডিও পোস্ট করা হয়।সেখানে এক দর্শক বাংলাদেশ না খেলার বিষয়ে তার মতামত জানতে চাইলে ৪১ বছর বয়সী এই ক্রিকেট কিংবদন্তি বলেন,‘আমি কারও পক্ষ নিতে চাই না। এটা রাজনৈতিক ইস্যু এবং ব্যক্তিগত বিষয়। আমার কাছে পর্যাপ্ত তথ্য নেই, তাই মন্তব্য করার মতো জ্ঞানও নেই। তবে এটুকু নিশ্চিতভাবে বলতে পারি, কোনো দলকে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে বাধ্য করা কখনোই কাম্য নয়। এটা খেলাটার জন্য দুঃখজনক এবং হতাশাজনক।’

ডি ভিলিয়ার্স আরও বলেন, ‘যারা নিয়ন্ত্রণে আছেন এবং সিদ্ধান্ত নিতে পারেন, তাদেরই বিষয়টি সমাধান করা উচিত। ক্রিকেটের সঙ্গে রাজনীতির মিশ্রণ আমাকে ঘৃণা লাগে। এর কারণেই পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে। এটা খুবই দুঃখজনক।’

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শ্রীলঙ্কা ও ভারতে শুরু হচ্ছে ২০ দলের টি-টুয়েন্টি বিশ্বকাপ। গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের বদলে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top