পিআর পদ্ধতি কি রাজনৈতিক বিপর্যয়ের কারণ হবে

আমাদের দেশের গণতন্ত্রের বিদ্যমান সংকট পদ্ধতিগত নয়, বরং রাজনৈতিক সংস্কৃতিতে নিবদ্ধ। যত দিন পর্যন্ত নিরপেক্ষ প্রশাসন ও স্বাধীন নির্বাচন কমিশন নিশ্চিত না করা যাবে আর রাজনীতির চর্চা সহনশীলতা ও সমঝোতার ভিত্তিতে প্রতিষ্ঠিত না হবে, তত দিন কোনো নির্বাচনী মডেলই সফল হবে না। পিআর নির্বাচন পদ্ধতির সম্ভাব্য ফলাফল নিয়ে লিখেছেন মো. শামছুল আলম

প্রপোশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) বা আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন বা পদ্ধতি বাংলাদেশে বর্তমানে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশেষ করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ছোট-বড় প্রায় সব রাজনৈতিক দলের মধ্যেই পিআর পদ্ধতির পক্ষে-বিপক্ষে অবস্থান ও জনমত গঠনের প্রচেষ্টা চোখে পড়ার মতো।

বলা বাহুল্য, বাংলাদেশে নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনা যত পুরোনো, ততই নতুন করে বারবার আলোচনার টেবিলে ফিরে আসে পিআর পদ্ধতির প্রস্তাব। তবে আসন্ন নির্বাচন সামনে রেখে এবারই সর্বোচ্চ আলোচনায় রয়েছে পিআর পদ্ধতি।

দেশের একশ্রেণির রাজনীতিবিদের দাবি, পিআর পদ্ধতিতে নির্বাচন সংখ্যার ন্যায়বিচার নিশ্চিত করে ছোট দলগুলোকেও প্রতিনিধিত্বের সুযোগ তৈরি করে দেবে এবং নির্বাচনী রাজনীতিকে আরও যুগোপযোগী ও অন্তর্ভুক্তিমূলক করে তুলবে। তাঁদের দাবি, দলীয় স্বৈরতন্ত্রের লাগাম টেনে ধরে প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে অন্তর্ভুক্তিমূলক শাসনকাঠামোর বিকল্প নেই।

অন্যদিকে আরেক শ্রেণির বিশ্লেষক এটিকে রাজনৈতিক অস্থিতিশীলতা, জোটের সংকট ও শাসন অদক্ষতার উৎস হিসেবে বিবেচনা করছেন। তাঁদের দাবি, আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনী ব্যবস্থায় একধরনের ‘নড়বড়ে’ সরকার গঠিত হবে, যা দিন শেষে রাজনৈতিক ব্যর্থতার মধ্য দিয়ে শেষ হবে।

তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, গণপ্রতিনিধিত্বের এই গাণিতিক মডেল কি সত্যিই বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে উঠবে, নাকি নতুন করে রাজনৈতিক বিপর্যয়ের সূত্রপাত হবে?

এ প্রশ্নের উত্তর ব্যাপক ও বিস্তৃত আলোচনার দাবি রাখে। প্রথমেই পিআর পদ্ধতির মূল ধারণা ও এর প্রতি কেন বিশেষ কিছু রাজনৈতিক দলের এত আকর্ষণ, তা নিয়ে আলোচনা করা যাক।

বস্তুত, এটি এমন একটি নির্বাচনী ব্যবস্থা, যেখানে একটি দলের প্রাপ্ত ভোটের শতকরা হার অনুযায়ী সংসদে তাদের আসন বরাদ্দ হয়। অর্থাৎ একটি দল যদি জাতীয়ভাবে ২০ শতাংশ ভোট পায়, তবে সংসদে তারা ২০ শতাংশ আসন পাবে। বাংলাদেশের বাস্তবতায় এই ভোটে একটি দল সংসদে ৩০০-এর মধ্যে ৬০টি আসন পাবে।

অর্থাৎ এটি সংখ্যাগরিষ্ঠ দলকে সম্পূর্ণ আধিপত্যের সুযোগ না দিয়ে সংখ্যালঘু দলগুলোকেও যথোপযুক্ত প্রতিনিধিত্বের সুযোগ করে দেয়। তাত্ত্বিকভাবে এটি গণতান্ত্রিক ন্যায়বিচারের নিখুঁত উদাহরণ, তাতে সন্দেহের অবকাশ থাকে না।

আধুনিক বিশ্বে ১৮৯৯ সালে প্রথম বেলজিয়ামে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। বর্তমানে ইউরোপের অনেক দেশ—বিশেষ করে জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, নরওয়ে, নেদারল্যান্ডসসহ নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, স্পেন ও লাতিন আমেরিকার একাধিক দেশে এ ব্যবস্থা প্রচলিত রয়েছে। তারা দীর্ঘদিন ধরে এই পদ্ধতিতে সাফল্যের সঙ্গে নির্বাচন পরিচালনা করে আসছে।

সেই উদাহরণ টেনেই বর্তমানে বাংলাদেশেও পিআর বাস্তবায়নের জোর আহ্বান জানিয়ে আসছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ বেশ কয়েকটি ছোট রাজনৈতিক দল। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার সহযোগী দলগুলো বর্তমান প্রচলিত পদ্ধতি বহাল রাখার পক্ষে।

বাস্তবতা হলো, ইউরোপ বা লাতিন আমেরিকার উন্নত দেশগুলোর রাজনৈতিক সংস্কৃতি পরিপক্ব, তাদের দলীয় শৃঙ্খলা দৃঢ় এবং প্রশাসনিক কাঠামোও তুলনামূলকভাবে উন্নত ও নিরপেক্ষ। ফলে পিআর পদ্ধতি সেখানে গণতান্ত্রিক বৈচিত্র্য ও প্রতিনিধিত্বের ভারসাম্য বজায় রাখতে পেরেছে। এটি বাংলাদেশের জন্য কতটুকু উপযুক্ত—সেটিই প্রধান প্রশ্ন।

বাংলাদেশে বর্তমানে ‘ফার্স্ট পাস্ট দ্য পোস্ট’ পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ পদ্ধতিতে একজন ভোটার শুধু তাঁর নির্বাচনী আসনের একজন প্রার্থীকেই ভোট দিতে পারেন।

প্রচলিত এই ব্যবস্থায় পুরো দেশকে মোট ৩০০টি পৃথক নির্বাচনী আসনে ভাগ করা হয়। প্রতিটি আসনে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ব্যক্তিই নির্বাচিত বলে বিবেচিত হন।

একটি উদাহরণের সাহায্যে বিষয়টি আরও স্পষ্ট হবে। যেমন ঢাকা–১৯ আসনের কথাই বিবেচনা করা যাক। ধরা যাক, বর্তমান পদ্ধতিতে জাতীয় নির্বাচনে এ আসনে তিনটি দল থেকে মনোনীত তিনজন ও একজন স্বতন্ত্র প্রার্থী মিলে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ভোট পড়েছে ৮০ শতাংশ।

এর মধ্যে প্রথম, দ্বিতীয় ও চতুর্থ প্রার্থী যথাক্রমে ২৫, ১৫ ও ১০ শতাংশ করে ভোট পেয়েছেন। আর তৃতীয় প্রার্থী পেলেন ৩০ শতাংশ ভোট। বর্তমান পদ্ধতি অনুযায়ী তৃতীয় প্রার্থী এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হবেন। আর ওই তিনজন প্রার্থীর মোট ৫০ শতাংশ ভোট কোনো কাজেই আসবে না। কারণ, বিধি মোতাবেক শুধু একজনই নির্বাচিত হতে পারবেন।

বাংলাদেশে বহুদলীয় শাসনব্যবস্থা প্রচলিত। এখানে অর্ধশতাধিক নিবন্ধিত দল রয়েছে। তবে বাস্তবতার নিরিখে দেখা যায়, হাতে গোনা চার-পাঁচটি রাজনৈতিক দল সক্রিয় এবং কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত তাদের ভোটব্যাংক রয়েছে। বাকি দলগুলোর এ ক্ষেত্রে নানা সংকট বিদ্যমান।

তাই বিচ্ছিন্নভাবে ৩০০টি আসনে কমবেশি ভোট পেলেও অধিকাংশ দলই সংসদের সীমিতসংখ্যক এমনকি কিছু ক্ষেত্রে কোনো আসনেও জিতে আসতে পারে না। এ জন্য বাংলাদেশে পিআর পদ্ধতি নিয়ে ছোট ছোট রাজনৈতিক দলগুলোর মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

ছোট দলগুলো জনগণের ভোট পেলেও সংসদে তাদের প্রতিনিধিত্ব থাকে না। এই বঞ্চনা পিআর পদ্ধতি দূর করতে পারে বলে অনেকে মনে করেন। অর্থাৎ ৩০০ আসন মিলিয়ে প্রতি ১ শতাংশ ভোটের বিনিময়ে তিনটি করে আসন পাবে দলগুলো।

বিদ্যমান ‘ফার্স্ট পাস্ট দ্য পোস্ট’ পদ্ধতিতে একটি দল তুলনামূলকভাবে কম ভোট পেয়েও সংসদে বিপুল আসন পেয়ে যায়। আবার কাছাকাছি সংখ্যক ভোট পেয়েও কিছু কিছু দল নগণ্যসংখ্যক আসন পেয়ে থাকে।

এমন পটভূমিতে পিআর পদ্ধতি বাংলাদেশের অনেক বিশ্লেষকের কাছে রাজনৈতিক অন্তর্ভুক্তির একটি বিকল্প উপায় বলে মনে হয়। কিন্তু প্রশ্ন থেকেই যায়, বাংলাদেশের মতো সংকীর্ণ কিংবা অধীন রাজনৈতিক সংস্কৃতিতে দলীয়করণে নিমজ্জিত রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোয় এই গাণিতিক মডেল বাস্তবে কতটুকু কাজ করবে?

বলা বাহুল্য, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এখনো গণতান্ত্রিক সহনশীলতার পর্যায়ে পৌঁছায়নি। রাজনীতিতে সমঝোতার পরিবর্তে শত্রুতার মনোভাব প্রবল।

বিদ্যমান বাস্তবতায় পিআর পদ্ধতিতে কোনো দলেরই এককভাবে ক্ষমতায় যেতে না পারার সম্ভাবনাই বেশি। ফলে বাধ্য হয়েই জোট সরকার গঠন করতে হবে। তবে জোট সংস্কৃতি সহযোগিতার ভিত্তিতে না হলে রাজনৈতিক বাস্তবতায় এক কালো অধ্যায়ের সূচনা হবে। বিশেষত বাংলাদেশের মতো সংঘাতমুখী রাজনীতিতে এটি স্থিতিশীলতার বদলে অবিরাম রাজনৈতিক অচলাবস্থা তৈরি করবে। তা ছাড়া পিআর ব্যবস্থায় দলীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ ব্যাপক মাত্রায় বৃদ্ধি পায়।

কারণ, সংসদ সদস্যরা সাধারণ জনগণের ভোটে নির্বাচিত না হয়ে দলীয় তালিকা থেকে মনোনীত হন। এতে দলীয় প্রধানের একনায়কত্ব আরও মজবুত হয়, যা গণতন্ত্রের জন্য বিপজ্জনক।

অন্যদিকে প্রশাসনিক দুর্বলতা, দুর্নীতি এবং স্বচ্ছতার ঘাটতি—এ বাস্তবতায় পিআর ব্যবস্থা সহজেই রাজনৈতিক বিপর্যয়ের সূত্রপাত করবে।

5 thoughts on “পিআর পদ্ধতি কি রাজনৈতিক বিপর্যয়ের কারণ হবে”

  1. প্রশাসনিক দুর্বলতা, দুর্নীতি এবং স্বচ্ছতার ঘাটতি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top