বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি)’ হিসেবে ঘোষণা করার কারণ জানিয়েছে সরকার। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে। খালেদা জিয়ার ‘সংকটাপন্ন’ শারীরিক অবস্থা, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে মর্যাদা এবং সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। প্রধান উপদেষ্টার সভায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, সভা থেকে বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তাঁর নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তাঁর নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাঁকে রাষ্ট্রের ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি)’ ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়েছে। বেগম খালেদা জিয়ার পরিবার এবং দলে এই বিষয়ে অবগত করা হয়েছে। সভায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এবং জাতির কাছে তাঁর জন্য দোয়া ও প্রার্থনার আহবানও জানানো হয়।




