শাহবাগে ‘গানের আর্তনাদ’ অনুষ্ঠানে ‘জুলাই মঞ্চের’ হামলা

বাউল আবুল সরকারকে গ্রেফতার করা এবং মানিকগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে বাউল শিল্পীদের উপর হামলার প্রতিবাদে আয়োজিত ‘গানের আর্তনাদ’ অনুষ্ঠানে হামলা, ভাঙচুর ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এই ঘটনা ঘটে।

প্রসঙ্গত, শুক্রবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘ধর্মীয় মূল্যবোধে আঘাতকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা’ এবং ‘জাতীয় সম্প্রীতি বিনষ্টে উদ্ভূত সাংস্কৃতিক চক্রান্ত প্রতিরোধে জুলাই সমাবেশ’-এর আয়োজন করে জুলাই মঞ্চ।
জুলাই মঞ্চের অনুষ্ঠানে উপস্থিত মাসুম বিল্লাহ বলেন, ‘পাশে আমরা আমাদের কর্মসূচিতে ছিলাম এবং তাদের বুঝিয়েছি ধর্ম নিয়ে কটূক্তিকারীদের পক্ষ নিয়ে যাতে কোনও অনুষ্ঠান না করে। কিন্তু তারা তা শোনেনি। এরা যেকোনও পরিস্থিতিতে মেয়েদের সামনে দিয়ে এগিয়ে আসে।

এরা মেয়ে নয়, সন্ত্রাসী, তাদের সামনে দিয়ে তারা আক্রমণ চালিয়েছে।’
মো. শাহরিয়ার আলম নামের এক আয়োজক বলেন, ‘বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে তাদের আয়োজনে (গানের আর্তনাদ) আমরা উপস্থাপন করেছিলাম যে এখানে কোনও কালচারাল ফ্যাসিজম চলবে না।’
আয়োজকদের আরেকজন মো. ওয়াসীর বলেন, ‘আমরা বলেছিলাম আপনারা বাউলদের পক্ষে আন্দোলন করেন, কিন্তু আবুল সরকারের নামটা কেটে দিতে হবে।’


‘গানের আর্তনাদ’ অনুষ্ঠান আয়োজকদের একজন মার্জিয়া প্রভা বলেন, ‘বাউল আবুল সরকারের মুক্তির দাবি ও সারা দেশে বাউলদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত গানের আর্তনাদ কর্মসূচিতে জুলাই মঞ্চ মব হামলা করে।

তারা প্রথমে এসে মাইকে চিৎকার দিয়ে বলা শুরু করে আবুল সরকারের নাম মুছে দিতে হবে। আমাদের ব্যাকড্রপ ভেঙে দিয়েছে। আমাদের বন্ধুরা শক্তভাবে এই মব প্রতিহত করেছে।’
তিনি জানান, হামলাকারীরা কর্মসূচি বন্ধ করতে পারেনি। ৬টায় মশাল মিছিলের মধ‍্য দিয়ে সারা বাংলায় বাউল হামলার প্রতিবাদ ও আবুল সরকারের মুক্তির দাবি জানানো হবে।

1 thought on “শাহবাগে ‘গানের আর্তনাদ’ অনুষ্ঠানে ‘জুলাই মঞ্চের’ হামলা”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top