আপডেট: ১৯ মার্চ ২০২৬
ক্রিস্টিয়ানো রোনালদোর পর ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে শীর্ষ পর্যায়ের ফুটবলে ৯০০ গোল করলেন লিওনেল মেসি। কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপ শেষ ষোলো ফিরতি লেগে আজ বাংলাদেশ সময় সকালে ন্যাশভিল এসসির সঙ্গে ১–১ গোলে ড্র করে ইন্টার মায়ামি। চেজ স্টেডিয়ামে ম্যাচের ৭ মিনিটে মায়ামির হয়ে গোল করে দারুণ এ মাইলফলকের দেখা পান মেসি। তবে অ্যাওয়ে গোল নিয়মে মায়ামিকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে।
ন্যাশভিলের মাঠে প্রথম লেগে গোলশূন্য ড্র করে মায়ামি। ঘরের মাঠে ফিরতি লেগে ন্যাশভিলের বিপক্ষে গোল হজমের খেসারত দিতে হলো হাভিয়ের মাচেরানোর দলকে। ৭৪ মিনিটে ন্যাশভিলকে সমতাসূচক গোলটি এনে দেন ক্রিস্টিয়ান এসপিনোজ্জা। মায়ামির হয়ে এর আগে সর্বশেষ দুই ম্যাচে ৯০০ গোলের মাইলফলকের দেখা পাওয়ার সুযোগ পেয়েছিলেন মেসি। কিন্তু গোল করতে না পারায় সেটা হয়নি। আজ বক্সে সুযোগ পেয়েই বাঁ দিকে মোচড় নিয়ে দারুণ শটে গোল করেন মেসি.
আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তির প্রতিদ্বন্দ্বী ৪১ বছর বয়সী রোনালদো এখন পর্যন্ত ১৩১২টি ম্যাচে ৯৬৫টি গোল করেছেন। ৩৮ বছর বয়সী মেসির গোলসংখ্যা ১১৪২ ম্যাচে ৯০০টি। রোনালদোর ৯০০টি গোল করতে লাগে ১২৩৬ ম্যাচ। রোনালদোর চেয়ে ৯৪ ম্যাচ কম খেলে ৯০০ গোলের দেখা পেলেন মেসি।
সিনিয়র পর্যায়ে প্রথম গোলের ২১ বছর পর ৯০০তম গোলের দেখা পেলেন মেসি। বার্সায় ১৭ বছরের ক্যারিয়ারে তাঁর গোলসংখ্যা ৭৭৮ ম্যাচে ৬৭২। পিএসজির হয়ে ৭৫ ম্যাচে করেছেন ৩২ গোল। এরপর ইন্টার মায়ামির হয়ে ৯৩ ম্যাচে করেছেন ৮১ গোল। আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে মেসির গোলসংখ্যা ১৯৬ ম্যাচে ১১৫টি।
মেসি একদলে ৭৫৫ গোল করেছেন, যেখানে ডান পায়ে ১১১ গোল করেছেন। হেডস্ট্রোক থেকে ৩০ গোল এবং অন্য অংশে ৪ গোল করেছেন। মেসি বক্সের ভেতর থেকে ৭২৪ গোল করেছেন এবং বক্সের বাইরে থেকে ১৭৬ গোল করেছেন। পেনাল্টি থেকে ১১২ গোল এবং ফ্রি-কিক থেকে ৭০ গোল করেছেন। যদিও পেনাল্টি এবং ফ্রি-কিক বাদ দিলে, বক্সের ভেতরে ওপেন প্লে থেকে ৬১২ গোল করেছেন, এবং বক্সের বাইরে ওপেন প্লে থেকে ১০৬ গোল করেছেন। মেসি সবচেয়ে বেশি গোল করেছেন এই দলগুলের বিপক্ষে: সেভিয়া (২৫), অ্যাথলেটিক বিলবাও (২৪), আতলেতিকো মাদ্রিদ (২৩), ভ্যালেন্সিয়া (১৮), রিয়াল মাদ্রিদ (১৭) এবং লেভান্তে (১৬)।



