ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পরিকল্পনার ব্যাপারে সতর্ক করলো রাশিয়া

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পরিকল্পনার ব্যাপারে সতর্ক করলো রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানে নতুন করে কোনো মার্কিন হামলা গুরুতর পরিণতি বয়ে আনতে পারে। 

স্থানীয় সময় বুধবার সৌদি আরবের আল-আরাবিয়া টেলিভিশনে প্রকাশিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। তেহরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচী অনুসরণ করার সুযোগ দেয়ার জন্য ধৈর্য ধরে সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন তিনি।
 
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানের পারমাণবিক কর্মসূচী নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ক্রমবর্ধমান নতুন সংকট এড়াতে সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনার একদিন পর ল্যাভরভের এ মন্তব্য সামনে এল।
 
সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, ‘এর পরিণতি ভালো না। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নিয়ন্ত্রণে থাকা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে এরইমধ্যে হামলা চালানো হয়েছে। ওই ঘটনা থেকে আমরা অনুমান করতে পারি, এ ঘটনায় পারমাণবিক দুর্ঘটনার প্রকৃত ঝুঁকি ছিল।
 
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি সতর্কভাবে ওই অঞ্চলের আবর দেশগুলোর, উপসাগরীয় দেশগুলো প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করছিলাম। উত্তেজনা বৃদ্ধি বেড়ে যাক তাদের কেউ চায় না। সবাই বুঝতে পারছে এটা আগুন নিয়ে খেলা।’
 
তিনি আরও বলেন, উত্তেজনা বাড়তে থাকলে গত কয়েক বছরে যে ইতিবাচক পদক্ষেপগুলো হয়েছে সেগুলো অকার্যকর হয়ে যেতে পারে, যার মধ্যে ইরানের সঙ্গে সৌদি আরবসহ নিকটবর্তী দেশগুলোর সম্পর্কের উন্নতিও অন্তর্ভুক্ত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top