এশিয়ার নারী ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর এএফসি উইমেনস এশিয়ান কাপ এর ট্রফি প্রদর্শনী ‘ট্রফি রোড ট্রিপ’ সফলভাবে সম্পন্ন হয়েছে সিডনিতে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত সিডনির ক্যাম্পবেলটাউনের লিনউড পার্কে ম্যাকার্থার ফুটবলস হোমগ্রাউন্ডে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ফুটবলপ্রেমীদের ছিল উল্লেখযোগ্য উপস্থিতি।
উপস্থিত ছিলেন ফেডারেল এমপি ডেভিড মনক্রিপ, স্টেট এমপি ন্যাথান হাগারটি, ক্যাম্বেলটাউন সিটি মেয়র ডার্সি লাউন্ড, কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশ, কাউন্সিলর এলিজা আজাদ রহমান প্রমুখ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ট্রফিটি কাছ থেকে দেখার এবং স্মরণীয় ছবি তোলার সুযোগ পান। নারী ফুটবল ঘিরে উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় পুরো ভেন্যু জুড়ে। অনেকেই পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে উপস্থিত হয়ে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন।
আয়োজক সূত্রে জানা যায়, ট্রফি রোড ট্রিপের যাত্রা শুরু হয় পার্থ থেকে। এরপর এটি সফর করে নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ড । টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হবে আগামী ১ মার্চ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে।
এ আয়োজন প্রসঙ্গে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অস্ট্রেলিয়া প্রতিনিধি আবদুল খান রতন সন্তোষ প্রকাশ করে বলেন, সিডনিতে ট্রফি প্রদর্শনীতে কমিউনিটির ব্যাপক অংশগ্রহণ নারী ফুটবলের প্রতি আগ্রহ ও সমর্থনেরই বহিঃপ্রকাশ। তিনি নিউ সাউথ ওয়েলসের কমিউনিটি চ্যাম্পিয়ন, তাঁদের পরিবার ও বন্ধুদের উপস্থিতির জন্য ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে টুর্নামেন্টের জনপ্রিয় মাসকট Naara-কে ঘিরেও ছিল বাড়তি আগ্রহ। শিশু-কিশোরদের অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
উল্লেখ্য, এশিয়ান ফুটবল কনফেডারেশন আয়োজিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলসহ এশিয়ার সেরা নারী দলগুলো অংশ নেবে। আন্তর্জাতিক অঙ্গনে নারী ফুটবলের প্রসার ও উন্নয়নে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, উইমেনস এশিয়ান কাপ শুরু হবে ১ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত। বাংলাদেশ মহিলা দল প্রথম রাউন্ডে খেলবে ৩,৬ ও ৯ মার্চ।




