বরিশাল-৩ আসনের ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট সমর্থিত প্রার্থী ও আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ অভিযোগ করেছেন, ২০২৬ সালে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচন ছিল ‘জাল-জালিয়াতি ও চর দখলের নির্বাচন’।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন বরিশাল-৩ আসনে অনিয়ম, বিশৃঙ্খলা ও হয়রানির অভিযোগ তুলে রবিবার বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
ফুয়াদ বলেন, দুই উপজেলা থেকে পাওয়া ফলাফলের শিটে গণভোটের তুলনায় সংসদ সদস্য নির্বাচনের ব্যালটের সংখ্যা বেশি দেখা গেছে। তাঁর ভাষ্য, গণভোটে ভোট কম এবং সাদা ব্যালট বেশি হওয়া ভোট জালিয়াতির ইঙ্গিত দেয়। তিনি দাবি করেন, যে ব্যবধানে তিনি এক উপজেলায় পরাজিত হয়েছেন, সেই পরিমাণ ভোটেই জালিয়াতি হয়েছে।
ভোটের দিনের বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, বাবুগঞ্জে ‘চর দখল’ ঠেকাতে গিয়ে মুলাদীতে নজর দেওয়া সম্ভব হয়নি। তাঁর অভিযোগ, মুলাদীতে ব্যালটে সিল দেওয়ার ঘটনায় তাঁদের এজেন্টরা আতঙ্কে এলাকা ছাড়েন এবং দুই দিন পর বিষয়টি জানান।
ফুয়াদ দাবি করেন, তার হাজার হাজার নেতাকর্মী এলাকা ছাড়া ও পলাতক রয়েছেন। তিনি বলেন, বিএনপির একটি অংশ ‘নব্য আওয়ামী ফ্যাসিবাদে’ পরিণত হচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, দলের ভেতরের এসব প্রবণতা নিয়ন্ত্রণ না করলে রাজনৈতিকভাবে ব্যর্থতার মুখে পড়তে হবে।
তিনি আরও বলেন, যারা দীর্ঘ সময় নির্যাতনের শিকার ছিলেন, তাদের কেউ কেউ এখন ক্ষমতার সুযোগে একই ধরনের আচরণ করছেন। তাঁর দাবি, ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের ঢাকার রাজপথে শক্ত অবস্থান নেওয়ার সক্ষমতা রয়েছে।
নিজের বাড়িতেও লোক পাঠানো হয়েছে উল্লেখ করে ফুয়াদ বলেন, ‘চর দখলের নির্বাচন করে যারা ক্ষমতায় যাচ্ছেন, তারা ২৪-এর গণ-অভ্যুত্থানের কথা ভুলে যাবেন না।’ প্রশাসনের ভূমিকারও একদিন জবাবদিহি হবে।


