বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনে বিএনপির প্রার্থী আমানউল্লাহ আমান বলেছেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও বিপুল ভোটদানের মাধ্যমে গণতন্ত্রের জয় হয়েছে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে স্পষ্ট বার্তা দিয়েছে তারা গণতন্ত্রে বিশ্বাসী। এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের জনগণের। জনগণের জন্য একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে বিএনপি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, বিএনপির ভূমিধ্বস বিজয় জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। এই বিজয় প্রমাণ করে দিয়েছে বিএনপি জনগণের দল। জনগণই আমাদের শক্তি, জনগণই আমাদের ভরসা।
তিনি আরও বলেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে তাদের রায় দিয়েছেন। ভোটের মাধ্যমে মানুষ তাদের মতামত ব্যক্ত করেছে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। এই রায় গণতন্ত্র ও ভোটাধিকারের পক্ষে স্পষ্ট অবস্থান।
নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল ভূমিকার কথাও উল্লেখ করেন আমানউল্লাহ আমান। ভবিষ্যতে এলাকার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, কেরানীগঞ্জের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে সবার সহযোগিতা প্রয়োজন।
ঢাকা-২ আসনের জনগণ, নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, কেরানীগঞ্জবাসী তাকে পঞ্চমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন। আল্লাহর রহমত ও জনগণের সমর্থনে এবার আমি ৮৪ হাজার ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছি। মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি এবং ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই বিজয় আমার একার নয়, এটি কেরানীগঞ্জবাসীর বিজয়।
বিপুল ভোটের ব্যবধান প্রমাণ করে জনগণ পরিবর্তন ও উন্নয়ন চায় উল্লেখ করে তিনি আগামী দিনে অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও নাগরিক সেবা বাড়াতে কাজ করার প্রতিশ্রুতি দেন।


