হলিউডে কেন কঠিন ছিল প্রিয়াঙ্কার পথচলা

দীর্ঘদিন বলিউড থেকে দূরে নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। ২০১৯ সালে সর্বশেষ তাকে দেখা গিয়েছিল ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে। এরপর ভারতীয় সিনেমার পরিচিত পরিসর ছেড়ে হলিউডে নিজের অবস্থান তৈরি করেন তিনি। তবে সেই যাত্রা সহজ ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে খোলামেলা কথা বলেছেন প্রিয়াঙ্কা।

অভিনেত্রীর ভাষায়, ‘তিরিশ বছর বয়সে গিয়ে নতুন করে কেরিয়ার শুরু করা অত্যন্ত কঠিন। এটি একেবারে শূন্য থেকে শুরু করার মতো। ২০১৩ সালে যখন আমি অভিনয়জীবনের নতুন অধ্যায় শুরু করি, তখন বলিউডে আমি প্রতিষ্ঠিত। কিন্তু নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে চেয়েছিলাম। এখন জীবনের ও কেরিয়ারের এমন এক পর্যায়ে আছি, যেখানে নিজের ইচ্ছানুযায়ী চলতে পারি। মনের কথা শুনতে আমাকে দুবার ভাবতে হয় না।’

হলিউডে পা রাখার পর নানা প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হয়েছে বলেও জানান তিনি। প্রিয়াঙ্কা বলেন, অনেকেই তার সম্পর্কে পূর্বধারণা পোষণ করতেন। আবার তাঁর সাবলীল ইংরেজি শুনে অনেকেই বিস্মিত হতেন। সব মিলিয়ে সেই সময়টা তাঁর কাছে বেশ চ্যালেঞ্জিং ও ভয়ংকর ছিল।

সাফল্যের প্রসঙ্গে তিনি বলেন, ‘জীবনে সফল হতে এবং একসময় জীবনকে সুরক্ষিত করতে শৃঙ্খলাবদ্ধ হওয়া জরুরি। শৃঙ্খলাই আমাদের সঠিক সময়ে প্রাপ্য জিনিস অর্জনে সাহায্য করে।’

এদিকে দীর্ঘ বিরতির পর আবারও ভারতীয় মেগাবাজেট সিনেমায় দেখা যেতে পারে প্রিয়াঙ্কাকে। শোনা যাচ্ছে, এস এস রাজামৌলীর ‘বারাণসী’ সিনেমায় কাজ করছেন তিনি। পাশাপাশি ‘কৃশ ৪’ ও ‘ডন ৩’-এও তাঁর ফেরার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। গত এক মাস ধরে রাজামৌলীর বিগবাজেট প্রকল্পের শুটিংয়ের জন্য ভারতে যাতায়াত করছেন প্রিয়াঙ্কা। সূত্র: এনডিটিভি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top