সতীর্থদের জয়ের কৃতিত্ব দিলেন সোহান

লড়াইটা যেন করলেন একাই। হারতে থাকা ম্যাচের হাল ধরে শেষ পর্যন্ত দলকে জিতিয়ে দিলেন নুরুল হাসান সোহান। তার ৪৪ বলে ৭৬ রানের দুর্দান্ত ও হার না মানা ইনিংসের ওপর ভর করেই ২ উইকেটে জয় পেয়েছে দুর্বার একাদশ।

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে আগে ব্যাট করতে নেমে ধূমকেতু একাদশ তোলে ১৫৬ রান। দলের হয়ে লিটন দাস ৩৭ বলে ৪৩ রানের কার্যকর ইনিংস খেলেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দুর্বার একাদশ। কঠিন পরিস্থিতিতে দলের দায়িত্ব নেন নুরুল হাসান সোহান। এক প্রান্ত আগলে রেখে আগ্রাসী ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। ৪৪ বলে ৭৬ রান করে শেষ ওভারে রানআউট হয়ে ফিরলেও ততক্ষণে জয় প্রায় নিশ্চিত করে যান সোহান।

ম্যাচসেরা হলেও জয়ের কৃতিত্ব তিনি দিয়েছেন পুরো দলকে। উল্লেখ্য, ধূমকেতু একাদশের ১৩ সদস্যের দলে বিশ্বকাপ স্কোয়াডে থাকা নুরুল হাসান সোহান ও মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গা হয়নি। দুজনই খেলছেন দুর্বার একাদশের হয়ে। এবার দুর্বারের হয়ে ধূমকেতুকে হারাতে পেরে দারুণ উচ্ছ্বসিত সোহান।

সংবাদ সম্মেলনে নুরুল হাসান সোহান বলেন, ‘না আমি একা তাদের হারাইনি। আমি সবসময় বলি ক্রিকেট একটা দলগত খেলা। প্লেয়ার আমাদের যারা ছিল সবারই কিছু না কিছু এফোর্ট ছিল। ছোট ছোট অবদান ছিল। টিম এফোর্টেই জয় এসেছে। বিশ্বকাপ সবার জন্য গুরুত্বপূর্ণ। এখন যেটাই সুযোগ পেয়েছি, ওইটাই আসলে, কাজ তো আসলে আমাদের মাঠে খেলা। বিশ্বকাপের সাথে মিলবে না। তবে যেটাই সুযোগ পেয়েছি খেলার (চেষ্টা করছি)।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top