ভারতের মেঘালয় রাজ্যের ইস্ট জৈন্তিয়া হিলস এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রদিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় কর্মকর্তা মনীশ কুমার বলেন, বিস্ফোরণের সময় ঘটনাস্থলে কতজন শ্রমিক ছিলেন তা স্পষ্ট নয়। এখন পর্যন্ত আটজন আহত হয়েছে। এখনও অনেকে ভেতরে আটকা পড়ে থাকতে পারে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজ্য ও ফেডারেল কর্মীদের সহায়তায় পুনরায় উদ্ধার অভিযান পরিচালা করা হচ্ছে। ‘র্যাট-হোল’ খনিটিতে শ্রমিকরা কয়লা এবং অন্যান্য খনিজ পদার্থ উত্তোলনের জন্য বিপজ্জনক পরিস্থিতির ঝুঁকি নিয়েও কাজ করে।
মেঘালয় পুলিশের সুপারিনটেনডেন্ট বিকাশ কুমার জানিয়েছেন, সম্ভবত ডিনামাইট বিস্ফোরণের কারণ হতে পারে, তবে তদন্ত চলছে। পুলিশ আরও জানিয়েছে, খনিটির মালিক ও পরিচালকদের পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করার কাজও চলছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নিহতদের বেশিরভাগই প্রতিবেশী রাজ্য আসামের বাসিন্দা।আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, যদি বিষয়টি নিশ্চিত হয়, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াব।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহত শ্রমিকদের পরিবারের প্রতি ‘সমবেদনা’ প্রকাশ করেছেন এবং প্রতিটি পরিবারের জন্য ক্ষতিপূরণের প্যাকেজ ঘোষণা করেছেন।
উল্লেখ্য, ‘র্যাট-হোল’ মাইনিং এমন একটি পদ্ধতি, যেখানে সরু ও নিচু সুড়ঙ্গ খুঁড়ে ডিনামাইট ব্যবহার করে কয়লা উত্তোলন করা হয়। এসব সুড়ঙ্গ এতটাই ছোট যে শ্রমিকদের কুঁজো হয়ে বা বসে কাজ করতে হয়।
পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, সরকারিভাবে নিষিদ্ধ থাকা সত্ত্বেও মেঘালয়ের বিভিন্ন এলাকায় এই বিপজ্জনক পদ্ধতি এখনও চালু রয়েছে।
সূত্র: আলজাজিরা।



