বরিশাল-৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম বলেছেন, ‘আগামী ফেব্রুয়ারির ১২ তারিখ আমাকে বিজয়ী করবেন ১৩ তারিখ থেকে দরজা খোলা রেখে শান্তিতে ঘুমাবেন।’
রবিবার সকালে বাকেরগঞ্জ পৌরসভার সদর রোডে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘নির্বাচিত হলে আমার এলাকায় কোনো মিথ্যা মামলা থাকবে না, কেউ জুলুমের শিকার হবেন না।’ ফয়জুল করিম বলেন, ‘আমরা দুর্নীতিমুক্ত ও কুরআন সুন্নাহ ভিত্তিক সমাজ গঠন করব। যেখানে সকলেই তার অধিকার পাবে। জনগণের এক টাকাও চুরি হবে না।’
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য নূরুল ইসলাম আল আমিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের যুগ্ম সেক্রেটারি ফয়জুল ইসলাম, বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি নাসির উদ্দিন রোকনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে বরিশাল নগরীর নুরিয়া স্কুল সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন ফয়জুল করিম। তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। বলেন, এ ধরনের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম বিপদের মুখে পড়ে। রাষ্ট্র ও সমাজের দায়িত্ব দ্রুত তাদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থা করা।



১২ তারিখ বিজয়ী করবেন, ১৩ তারিখ থেকে দরজা খোলা রেখে ঘুমাবেন